চট্টগ্রামে গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেন চালকরা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অটোরিকশাচালকদের অভিযোগ, বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। ফলে একদিকে চালকদের আয় বন্ধ হয়ে গেছে, অন্যদিকে নগরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে।
মনু মিয়াজি নামে এক অটোরিকশাচালক জানান, দুই দিন ধরে গাড়ি চালাতে পারেননি। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ায় তার কোনো আয় হচ্ছে না। অথচ গাড়ির জমা ও পরিবারের দৈনন্দিন খরচ বহন করতে হচ্ছে।
ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু করার নেই বলেও জানান তিনি।
গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং নগরের সড়ক পরিবহন ব্যবস্থায়ও চাপ তৈরি হয়েছে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কসমিক ডেস্ক