চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এক তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে গত ১৯ জুলাই আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর জয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানাধীন সুইট প্যালেস হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ভুক্তভোগীর অভিযোগ, পরে তিনি বিয়ের জন্য একাধিকবার অনুরোধ জানালেও অভিযুক্ত তা প্রত্যাখ্যান করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, আফতাব মজুমদার জয় আগে থেকেই বিবাহিত।
এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারা অনুযায়ী চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক