মেয়াদ শেষের আগেই সভাপতি অপসারণ, হাইকোর্টে স্থগিতাদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেয়াদ শেষের আগেই সভাপতি অপসারণ, হাইকোর্টে স্থগিতাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
মেয়াদ শেষের আগেই সভাপতি অপসারণ, হাইকোর্টে স্থগিতাদেশ ছবির ক্যাপশন:

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতিকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নিয়োগের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।

আদালতের আদেশ অনুযায়ী, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ফলে আপাতত নতুন সভাপতি নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ২৪ এপ্রিল।

তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে তাকে অপসারণ করে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

রিট আবেদনে বলা হয়, চলমান কমিটির মেয়াদ বহাল থাকা অবস্থায় সভাপতি পরিবর্তনের সিদ্ধান্ত আইনসম্মত নয়। পাশাপাশি, কোনো কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সভাপতির মনোনয়ন বাতিল করা হয়েছে, যা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সভাপতি পরিবর্তনের আদেশ স্থগিতের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন। রুলের ওপর পরবর্তী শুনানির মাধ্যমে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশে পরিবর্তন আনছে আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশে পরিবর্তন আনছে আর্জেন্টিনা