টঙ্গীতে র‍্যাবের অভিযানে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টঙ্গীতে র‍্যাবের অভিযানে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
টঙ্গীতে র‍্যাবের অভিযানে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার ছবির ক্যাপশন:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে জাল টাকার একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১।

আটক ব্যক্তিরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। র‍্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান, পিপিএম (সেবা) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযানের সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের প্রস্তুত জাল নোট এবং কাগজে প্রিন্ট করা অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১ হাজার ৯০০ টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, পেপার কাটার, স্ক্যানার, বিভিন্ন রঙের প্রিন্টার কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, বিপুল পরিমাণ কাগজ ও একাধিক মোবাইল ফোন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। উদ্ধারকৃত জাল নোটগুলো বিক্রির উদ্দেশ্যেই প্রস্তুত করা হচ্ছিল বলে তারা জানিয়েছে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, আসন্ন রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে সামনে রেখে জাল টাকা চক্রের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফেব্রুয়ারিতে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩২, আহত ১০৬৮

ফেব্রুয়ারিতে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩২, আহত ১০৬৮