যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার ছবির ক্যাপশন:

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার ঋণের পরিমাণ এই রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপ আরও স্পষ্ট হয়েছে।

সরকারের ব্যয়ের বড় একটি অংশ এখন প্রতিরক্ষা, সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার এবং আগের নেওয়া ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। একই সময়ে বাজেট ঘাটতি বাড়ায় নতুন করে ঋণ নেওয়ার প্রয়োজনও বৃদ্ধি পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ দ্রুত বাড়ছে। মাত্র পাঁচ মাস আগে, গত মার্চে দেশটির ঋণ ৩৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। এর আগে গত অক্টোবরে ঋণ ৩৮ ট্রিলিয়ন ডলার ছাড়ায়। অর্থাৎ প্রায় ১০ মাসের মধ্যে দেশটির জাতীয় ঋণ ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একদিকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর চেষ্টা করছে। ইরানের সঙ্গে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধের সামরিক ব্যয়ও সরকারের অর্থের ওপর বাড়তি চাপ তৈরি করছে। হোয়াইট হাউস জানিয়েছে, সরকারি ব্যয়ে অপচয়, প্রতারণা ও অনিয়ম কমানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা করছে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, জাতীয় ঋণ বাড়ার প্রভাব শুধু সরকারের হিসাবেই সীমাবদ্ধ থাকে না। ঋণের পরিমাণ বাড়লে সরকারকে সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করতে হয়। ফলে অন্যান্য খাতে সরকারি ব্যয় ও বিনিয়োগের সুযোগ কমে যেতে পারে। একই সঙ্গে বাড়ি ও গাড়ি কেনার ঋণের সুদের হার, ব্যবসায়িক বিনিয়োগ এবং কর্মসংস্থানেও এর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রে সরকারের ঋণ নেওয়ার আইনগত সীমাকে ‘ডেট সিলিং’ বলা হয়। কংগ্রেস এই সীমা নির্ধারণ, বাড়ানো কিংবা সাময়িকভাবে স্থগিত করতে পারে। দ্বিদলীয় নীতি কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের শীতের শেষ থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তখন কংগ্রেসকে আবারও ঋণের সর্বোচ্চ সীমা নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সাম্প্রতিক বিশ্লেষণেও যুক্তরাষ্ট্রের সরকারি অর্থব্যবস্থা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। দ্রুত বাড়তে থাকা জাতীয় ঋণ দেশটির জন্য দীর্ঘমেয়াদি আর্থিক চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অবৈধ ভোটের সিল উদ্ধারে নির্বাচন নিয়ে আস্থার সংকট

অবৈধ ভোটের সিল উদ্ধারে নির্বাচন নিয়ে আস্থার সংকট