ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব তিশা ব’আভ উপলক্ষে এই প্রবেশের সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দিনভর কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রবেশকারীর সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ সময় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের প্রবেশ নিশ্চিত করতে আল-আকসা মসজিদের বিভিন্ন প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বহু ফিলিস্তিনি মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়, শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয় এবং কয়েকজন মুসল্লির ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন ইতামার বেন-গভিরের এই সফরকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনের প্রতিফলন এবং এটি আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থার সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জেরুজালেমের ইসলামী ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান পদক্ষেপ বন্ধে ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগ করা প্রয়োজন।
অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসও এক বিবৃতিতে ঘটনাটিকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, পবিত্র স্থানগুলোর অবমাননার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলন নীরব থাকবে না এবং এর পরিণতির দায় ইসরায়েলি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বসতি স্থাপনকারীদেরই বহন করতে হবে।
আল-আকসা মসজিদকে ঘিরে এমন ঘটনা অতীতেও বহুবার উত্তেজনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ধর্মীয় উৎসব ও রাজনৈতিক সংবেদনশীলতা একসঙ্গে কাজ করায় জেরুজালেমের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
কসমিক ডেস্ক