মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসন জেলার লিঙ্গি এলাকায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত আরও একজন বাংলাদেশি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম বার্নামার তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে তামান লিঙ্গির একটি শ্রমিক আবাসনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন সন্দেহভাজনকে আটক করে।
নেগ্রি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। এর ফলে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিক এবং একই শ্রমিক আবাসনে বসবাস করতেন। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এসব আঘাতকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে সহকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক