চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলী আহসান মুজাহিদের সঙ্গে শাখা ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।
রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ একজন নারী শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছেন—যা সংগঠনের আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারী শিক্ষার্থী নিজেই অভিযুক্ত মন্তব্যের বিষয়টি সামনে আনেন এবং স্ক্রিনশটসহ তা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত অশালীন ভাষায় মন্তব্য করেছেন, যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলে সংগঠনটি উল্লেখ করে।
সংগঠনটির নেতারা বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সুশৃঙ্খল জীবন গঠনে কাজ করে থাকে। কিন্তু এ ধরনের আচরণ সংগঠনের লক্ষ্য ও আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই আলী আহসান মুজাহিদের সঙ্গে সব পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সংগঠনটি জানায়, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করতে তারা সহযোগিতা করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কসমিক ডেস্ক