ভারি বৃষ্টিতে এলপিজি প্লান্টে বিপর্যয়, নদীতে ভাসছে হাজারো গ্যাস সিলিন্ডার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারি বৃষ্টিতে এলপিজি প্লান্টে বিপর্যয়, নদীতে ভাসছে হাজারো গ্যাস সিলিন্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
ভারি বৃষ্টিতে এলপিজি প্লান্টে বিপর্যয়, নদীতে ভাসছে হাজারো গ্যাস সিলিন্ডার ছবির ক্যাপশন:

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির কারণে একটি এলপিজি বোতলজাতকরণ কেন্দ্র থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অব্যাহত ভারি বৃষ্টিতে এইচপিসিএলের পাতালগঙ্গা এলপিজি বোতলিং প্লান্টের সুরক্ষাপ্রাচীর ধসে পড়ে। এর ফলে বন্যার পানি দ্রুত প্লান্টে প্রবেশ করে এবং প্রবল স্রোতে হাজার হাজার গ্যাস সিলিন্ডার ভেসে যায়। পরে সিলিন্ডারগুলোকে পাতালগঙ্গা নদী ও খারপাড়া খাঁড়ির বিভিন্ন স্থানে ভাসতে দেখা যায়।

ঘটনার সময় আশপাশের একটি সেতু থেকে অনেকেই ভাসমান সিলিন্ডারের ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভেসে যাওয়া সিলিন্ডারগুলো উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে রায়গড় জেলা প্রশাসন জানিয়েছে, ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনও গ্যাস থাকতে পারে। তাই নদী বা আশপাশের এলাকায় কেউ এসব সিলিন্ডার দেখতে পেলে সেগুলো স্পর্শ না করে দ্রুত প্রশাসন বা সংশ্লিষ্ট কোম্পানিকে জানাতে হবে।

রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে জনসাধারণকে সতর্ক করে বলেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর ভেতরে গ্যাস রয়েছে কি না বা সেগুলো নিরাপদ অবস্থায় আছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই কৌতূহলবশত সিলিন্ডার তুলে নেওয়া, খোলার চেষ্টা করা বা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

গত এক সপ্তাহের টানা বর্ষণে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রায়গড় অন্যতম। সেখানে একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্ত চোখ পাত্তা দিবো না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্ত চোখ পাত্তা দিবো না