৯ মাস পর পরিবারের দেখা পেলেন ইমরান খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৯ মাস পর পরিবারের দেখা পেলেন ইমরান খান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
৯ মাস পর পরিবারের দেখা পেলেন ইমরান খান ছবির ক্যাপশন:

দীর্ঘ নয় মাস অপেক্ষার পর অবশেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁর সঙ্গে বোন নোরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির পৃথক সাক্ষাৎ হয়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সম্প্রতি কারাবন্দী ইমরান খানকে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাতে এনডিটিভি জানিয়েছে, চলতি বছরে প্রথমবারের মতো ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর বোন নোরিন নিয়াজি।

কারাগারের কনফারেন্স রুমে মাত্র ১৫ মিনিট স্থায়ী হয় ইমরান ও নোরিনের সাক্ষাৎ। বৈঠকে মূলত ইমরানের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। নোরিন তাঁকে শারীরিক পরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনার কথাও জানান।

তবে সাক্ষাতের পর রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেননি নোরিন। আদালত সতর্ক করে জানিয়েছিল, পারিবারিক সাক্ষাতের সুযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সুবিধা বাতিল করা হতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ইমরানের অন্য বোন আলিমা খান, উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো নেতাকেও কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

পৃথকভাবে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করেন ইমরান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, তাদের সাক্ষাৎ প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়। একই কারাগারে থাকা বুশরা বিবি তাঁর আগের সংসারের সন্তানদের সঙ্গেও প্রায় ৪০ মিনিট সময় কাটান।

২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার ১০ রুটে পিংক বাস

নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার ১০ রুটে পিংক বাস