গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের মধ্যে গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির হিসাবে, এই সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে শত শত শিশু আহত হয়েছে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউনিসেফ জানায়, গাজায় গোলাবর্ষণ ও নৌবাহিনীর হামলাসহ সামরিক অভিযান অব্যাহত থাকায় বেসামরিক মানুষের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির সীমিত সরবরাহ এবং স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত প্রবেশাধিকার না থাকায় শিশুদের দুর্ভোগ বাড়ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও বাস্তুচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ওসিএইচএ। সংস্থাটির তথ্য অনুযায়ী, হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা নামের একটি ফিলিস্তিনি জনপদে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে ১৪ শিশুসহ তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি দুই শিশুও আহত হয়েছে বলে জানানো হয়েছে।
ওসিএইচএ আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ১ হাজার ৩৮০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি অথবা উভয় ধরনের ঘটনা ঘটেছে।
একই সময়ে বসতিস্থাপনকারীদের হামলা ও সংশ্লিষ্ট চলাচল-নিষেধাজ্ঞার কারণে ২ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতিতে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
কসমিক ডেস্ক