অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ, সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ, সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড়

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ, সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড় ছবির ক্যাপশন: হাকিমপুর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় নারী-শিশুসহ বাংলাদেশিদের ভিড়।

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর সীমান্ত এলাকায় তৈরি হয়েছে নতুন উত্তেজনা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে দেশে ফেরার আশায় জড়ো হয়েছেন শতাধিক বাংলাদেশি। মঙ্গলবার সকাল থেকেই বিএসএফ চেকপোস্টের সামনে নারী, শিশু ও মালপত্রসহ অপেক্ষা করতে দেখা যায় তাদের।

সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে ছিলেন, আবার কেউ লাইনে দাঁড়িয়ে ফেরার অনুমতির অপেক্ষা করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবারও একই ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। সীমান্তসংলগ্ন একটি অস্থায়ী ছাউনিতে প্রায় ১০০ জন বাংলাদেশি অবস্থান নেন, আর বাইরে অপেক্ষা করছিলেন আরও ৩০ থেকে ৪০ জন।

প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন ব্যক্তিদের আটকে রাখার জন্য বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মালদা ও মুর্শিদাবাদ জেলায় অন্তত ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদার ইংরেজবাজারের চন্দনপার্কে তৈরি শিবিরে ৯ জনকে রাখা হয়েছে, যাদের মধ্যে ৩ জন নারী এবং ৬ জন নাবালক-নাবালিকা রয়েছে। তাদের গাজোল থানার পান্ডুয়া এলাকা থেকে আটক করা হয়।

অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার পদ্মাভবনে গড়ে তোলা হোল্ডিং সেন্টারে প্রথমে তিনজনকে রাখা হয়েছিল। পরে মঙ্গলবার আরও ১১ জন বাংলাদেশিকে আটক করে সেখানে পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

সীমান্তে অপেক্ষমাণ বাংলাদেশিদের দাবি, অভাব-অনটনের কারণে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। তবে হোল্ডিং সেন্টারের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বর্তমানে সীমান্ত পারাপারের বিষয়ে বিএসএফ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত, নতুন নির্দেশনা জারি

শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত, নতুন নির্দেশনা জারি