অস্ট্রেলিয়ার প্রভাবশালী সাবেক সম্প্রচারক ও জাতীয় রাগবি দলের সাবেক কোচ অ্যালান জোন্সের বিরুদ্ধে আনা যৌন হয়রানির মামলার শুনানি সিডনির একটি আদালতে শুরু হয়েছে। মামলার প্রথম দিনের শুনানিতে প্রসিকিউটররা অভিযোগ করেন, জোন্স গাড়ি চালানোর সময় দুই পুরুষের যৌনাঙ্গ স্পর্শ করেছিলেন এবং সম্মতি ছাড়া আরও কয়েকজনকে চুম্বনের চেষ্টা করেছিলেন।
৮৫ বছর বয়সী অ্যালান জোন্সের বিরুদ্ধে ছয়জন পুরুষের অভিযোগের ভিত্তিতে মোট ২২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০টি যৌন নিপীড়ন এবং দুটি আপত্তিকর স্পর্শের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাগুলো ২০০৩ থেকে ২০২০ সালের মধ্যে জনসমক্ষে, তার ব্যক্তিগত বাসভবনে অথবা কর্মস্থলে সংঘটিত হয়েছে। তবে জোন্স শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
মামলার শুনানিতে অভিযোগকারী ‘জে’-এর বক্তব্য তুলে ধরা হয়। তিনি জানান, কিশোর বয়সে একটি সরাসরি রেডিও অনুষ্ঠানে জোন্সের সঙ্গে তার পরিচয় হয়। পরে জোন্স তাকে একটি মোবাইল ফোন, একটি গাড়ি এবং নিয়মিত আর্থিক সহায়তা দিতেন। অভিযোগকারী দাবি করেন, একবার ফিটজরয় ফলসে যাওয়ার পথে গাড়ির ভেতরে জোন্স তার সম্মতি ছাড়াই যৌনাঙ্গ স্পর্শ করেন এবং পরে চুম্বনের চেষ্টা করেন। তিনি আরও বলেন, ভয় ও সামাজিক লজ্জার কারণে দীর্ঘদিন বিষয়টি প্রকাশ করেননি।
আদালতে আরেক অভিযোগকারী ‘সি’-এর ঘটনাও উপস্থাপন করা হয়। তিনি জোন্সের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগ অনুযায়ী, কাজ শেষে বাসায় ফেরার সময় জোন্স একাধিকবার তার যৌনাঙ্গ স্পর্শ করেন এবং লিফটে চুম্বনের চেষ্টা করেন। এছাড়া আপত্তিকর বার্তা পাঠিয়ে কর্মজীবনের চাপও সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, অ্যালান জোন্সের আইনজীবীরা অভিযোগকারীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এই মামলার পেছনে ব্যক্তিগত বিরোধ, অর্থনৈতিক স্বার্থ ও সুযোগসন্ধানী উদ্দেশ্য রয়েছে এবং অভিযোগগুলোর অনেকটাই ভিত্তিহীন।
এই বিচারপ্রক্রিয়ায় ৭০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদালত জানিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে অভিযোগ প্রকাশ্যে আসার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পরে অ্যালান জোন্সকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন তিনি সিডনির জনপ্রিয় রেডিও উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অবসর নেন।
কসমিক ডেস্ক