Shakira-র ভক্তদের জন্য সুখবর। প্রায় দুই দশক পর আবারও মিশরের ঐতিহাসিক Giza pyramid complex-এর পটভূমিতে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত এই পপ তারকা। আগামী ২৮ নভেম্বর সেখানে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত একটি কনসার্ট, যা ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে আয়োজিত কনসার্টটির আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান Venture Lifestyle। এর আগে ২০০৭ সালে একই স্থানে সর্বশেষ পারফর্ম করেছিলেন শাকিরা। প্রায় ২০ বছর পর তার এই প্রত্যাবর্তনকে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সংগীত আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
মিশরে আন্তর্জাতিক মানের কনসার্ট আয়োজনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে একই আয়োজকদের আমন্ত্রণে বিশ্বখ্যাত শিল্পী Jennifer Lopez, John Legend, Katy Perry এবং Demi Lovato মধ্যপ্রাচ্যে সফলভাবে পারফর্ম করেছেন।
সম্প্রতি প্রকাশিত নতুন অ্যালবাম এবং বিশ্বজুড়ে সফল কনসার্ট সিরিজের ধারাবাহিকতায় শাকিরার এই পরিবেশনা তার চলমান Las Mujeres Ya No Lloran Tour-এর অংশ। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে রাজত্ব করা এই কলম্বিয়ান তারকা বিশ্বব্যাপী ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন। পাশাপাশি অর্জন করেছেন একাধিক গ্র্যামি ও ল্যাটিন গ্র্যামি পুরস্কার, যা তাকে ল্যাটিন পপ সংগীতের অন্যতম সফল শিল্পীতে পরিণত করেছে।
সম্প্রতি শাকিরা তার নতুন গান Dai Dai প্রকাশ করেছেন। গানটি ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনায় এসেছে, কারণ এটি চলমান বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে।
মিশরে ফেরার ঘোষণা দিয়ে শাকিরা এক বিবৃতিতে বলেন, "মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সব ভক্তের প্রতি রইল অনেক ভালোবাসা।" তার এই প্রত্যাবর্তন শুধু মিশরের দর্শকদের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগীতপ্রেমীদের জন্যও একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
ঐতিহাসিক গিজার পিরামিডের সামনে শাকিরার এই বিশেষ পরিবেশনা নিঃসন্দেহে ২০২৬ সালের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত আয়োজন হতে যাচ্ছে।
কসমিক ডেস্ক