ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। প্রেম, বিয়ে ও পারিবারিক জীবন নিয়ে নানা সময়ে আলোচনা হলেও নিজের অতীতের প্রেম নিয়ে খুব কমই কথা বলেছেন তিনি। এবার দীর্ঘদিন পর এক টেলিভিশন সাক্ষাৎকারে জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে শাকিব খান জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন। সম্পর্কটি শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি, তবে সেই স্মৃতি এখনও তাকে আবেগাপ্লুত করে।
শাকিব বলেন, “আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকেও মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!”
অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে তিনি এখনও মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে অনুতপ্ত কিনা। উত্তরে শাকিব বলেন, “আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায়, তখন মনে হয় এরকম হয়ে যায়।”
পরে তাকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। জবাবে শাকিব খান বলেন, “সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”
ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন স্মৃতি প্রকাশ্যে আনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভক্তরা শাকিব খানের এই অকপট স্বীকারোক্তি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
কসমিক ডেস্ক