চিত্রনায়িকা পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। বিভিন্ন সময়ে তাঁর প্রেম ও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ের খবর পর্যন্ত।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন পূজা চেরী। এমনকি ঘনিষ্ঠদের কেউ কেউ দাবি করছেন, এরই মধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি সত্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে নীরব রয়েছেন পূজা চেরী। তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগেও চলতি বছরের শুরুতে পূজার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তখন খবর প্রকাশ হয়, প্রায় দুই বছর আগেই নাকি তিনি গোপনে বাগ্দান সেরেছেন। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। পরিবারের পছন্দ ও সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন তিনি। তবে তখন বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরী। প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে—কোনো বিষয়েই তাঁকে প্রকাশ্যে বিস্তারিত আলোচনা করতে দেখা যায়নি। ফলে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাঁর নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।
তবে পূজার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা বা বক্তব্য না আসা পর্যন্ত গোপনে বিয়ের খবরটিকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত বিষয়টি গুঞ্জন হিসেবেই রয়েছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখা পূজা চেরী পরে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আলোচনায় আসেন। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
কসমিক ডেস্ক