বাংলাদেশের কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার জন্য এটি নিঃসন্দেহে এক স্মরণীয় অর্জন। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান তাদের পরিবেশিত একটি গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। কিংবদন্তি এই শিল্পীর এমন স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পী।
দীর্ঘ দেড় বছর ধরে ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের অধীনে শুভ ও নন্দিতা জনপ্রিয় পুরোনো গান নতুনভাবে পরিবেশন করে আসছেন। তাদের পরিবেশিত গানগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম সেরা সংগীতশিল্পী এ আর রহমানের প্রশংসাও।
সম্প্রতি তারা রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কভার করেন। গানটি প্রকাশের পর সেটি এ আর রহমান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। বিষয়টি মুহূর্তেই দুই শিল্পীর জন্য বড় অনুপ্রেরণা ও সম্মানের উপলক্ষ হয়ে ওঠে।
নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন,
‘ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ সবসময় অনুপ্রেরণা হিসেবে হৃদয়ে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন এবং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এটি সত্যিই অসাধারণ অনুভূতি।’
অন্যদিকে নন্দিতাও এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি লেখেন,
‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
সংগীতপ্রেমীদের মতে, এ আর রহমানের মতো বিশ্বখ্যাত শিল্পীর কাছ থেকে এমন স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিল্পীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে এটি শুভ ও নন্দিতার ভবিষ্যৎ সংগীতজীবনের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে।
কসমিক ডেস্ক