ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি নাকি সিঙ্গাপুরে গোপনে বিয়ে করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গুঞ্জনের মধ্যেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন। তবে খবরটির সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।
গৌতম সাহা বলেন, খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি কেবল গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা দিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।
একই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন। সে সময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং নিয়মিত কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহ দিয়েছেন। তবে পরবর্তীতে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন তিনি। যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেও জানান গৌতম সাহা।
অন্যদিকে অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, গৌতম সাহা বহু বছর ধরে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। তাই অভিনেত্রীর বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে তার জানার সুযোগও নেই।
মাহফুজ কাদরী বলেন, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে। বর্তমানে অপু বিশ্বাস ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় বিয়ের গুঞ্জনের কোনো সত্যতা নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সেটি সবার সঙ্গে ভাগ করে নেবেন।
এদিকে দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত তথ্যের পরিবর্তে গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।
কসমিক ডেস্ক