প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত বক্স অফিস ঝড় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত বক্স অফিস ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত বক্স অফিস ঝড় ছবির ক্যাপশন:

দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমরান হাশমির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর প্রথম দিনেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি। একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-কে পেছনে ফেলে উদ্বোধনী দিনে বক্স অফিসে এগিয়ে গেছে ইমরান হাশমির সিনেমা।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ৯ হাজার ৩৩টি শো থেকে ‘আওয়ারাপন ২’ আয় করেছে প্রায় ২১ কোটি রুপি নেট। বিশ্বব্যাপী প্রথম দিনের গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকার বেশি।

মুক্তির প্রথম দিনে সিনেমাটির সার্বিক থিয়েটার অকুপেন্সি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিনের সঙ্গে সঙ্গে দর্শক উপস্থিতি বাড়তে থাকে। রাতের শোগুলোতে অকুপেন্সি ৭৪ দশমিক ৩১ শতাংশে পৌঁছায়। দিল্লি-এনসিআরে সিনেমাটির অকুপেন্সি ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ, আর মুম্বাইয়ে ছিল ৩৯ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’ প্রথম দিনে বিশ্বব্যাপী ৮ কোটি ৩৪ লাখ রুপি আয় করেছে। অর্থাৎ উদ্বোধনী দিনেই ‘আওয়ারাপন ২’ সিনেমাটি এর তুলনায় তিন গুণেরও বেশি ব্যবসা করেছে।

প্রথম দিনের আয় দিয়ে ইমরান হাশমির ২০০৪ সালের আলোচিত সিনেমা ‘মার্ডার’-এর ভারতীয় বাজারের লাইফটাইম আয়কেও ছাড়িয়ে গেছে ‘আওয়ারাপন ২’। একই সঙ্গে প্রথম ‘আওয়ারাপন’-এর পুরো সময়ের আয়ও এক দিনেই অতিক্রম করেছে সিক্যুয়েলটি।

‘আওয়ারাপন ২’-এ শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি ও অন্যরা। সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর।

প্রথম দিনের সাফল্যের পর সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইমরান হাশমির দেওয়া ইঙ্গিত সত্যি হলে ‘আওয়ারাপন’ ফ্র্যাঞ্চাইজিতে আরও একটি অধ্যায় যুক্ত হতে পারে। ফলে ভক্তদের অপেক্ষার তালিকায় এখন ‘আওয়ারাপন ৩’-এর সম্ভাবনাও জায়গা করে নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের