বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে ছবির ক্যাপশন:

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নুরুজ্জামান কাফি উপজেলার লালুয়া ইউনিয়নের রজপাড়া গ্রামের শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। চলতি বছরের ২৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রজপাড়া মৌজার জেএল নম্বর-৯-এর বিএস ১২ নম্বর খতিয়ানে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নামে ২১ একর ৭৬ শতাংশ জমি রয়েছে। বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করণের পর সরকারি বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে নিবন্ধিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, গত সপ্তাহে বিদ্যালয়ের জমির প্রায় ৬ শতাংশ অংশ দখল করে রাতের আঁধারে একটি রাস্তা নির্মাণ করা হয়। তাদের দাবি, ওই জমির পাশেই নুরুজ্জামান কাফির মালিকানাধীন জমি থাকায় যাতায়াতের সুবিধার জন্য তিনি এই রাস্তা নির্মাণ করেছেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে স্থানীয় সালাউদ্দিন নয়ন পাহলানদের সঙ্গে মামলা চলমান ছিল। তারা উচ্চ আদালতের রায় পেলেও ওই রায়ের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ রিভিউ আবেদন করেছে, যা এখনো বিচারাধীন। এর মধ্যেই বিদ্যালয়ের প্রায় ৬ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি। তিনি বলেন, বিদ্যালয়ের পেছনে তার কেনা জমিতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। প্রধান শিক্ষকের কাছে যাতায়াতের পথ চাইলেও তা পাননি। পরে উচ্চ আদালতে রায় পাওয়া পক্ষ সালাউদ্দিন নয়ন পাহলানদের কাছ থেকে ৬ শতাংশ জমি মৌখিক বায়নায় নিয়ে সেখানে রাস্তা নির্মাণ করেছেন। তার দাবি, এখানে জোরপূর্বক জমি দখলের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সালাউদ্দিন নয়ন পাহলান বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর পটুয়াখালী আদালত এবং ২০২৫ সালের জুনে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেন। পরে নুরুজ্জামান কাফির যাতায়াতের সুবিধার জন্য ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে তাকে দেওয়া হয়।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নুরুজ্জামান কাফিকে জমিতে রাস্তা নির্মাণ না করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে রাতের বেলায় রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ জমি দখলের অভিযোগ করেছে। যদিও উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে রাস্তা নির্মাণের দাবি করা হয়েছে, তবে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন বিচারাধীন রয়েছে। রিভিউ চলাকালীন সময়ে জমির দখল পরিবর্তন করা উচিত নয়। বিষয়টি তদন্ত করে নুরুজ্জামান কাফিকে নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যমুনার চরে গোপনে ঘোড়া জবাই, ৪০০ কেজি মাংস জব্দ

যমুনার চরে গোপনে ঘোড়া জবাই, ৪০০ কেজি মাংস জব্দ