আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক ছবির ক্যাপশন: রাঙামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক না পেয়ে আমগাছের ডালে উঠে অনলাইন হাজিরা পাঠান প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চালু হওয়া নতুন অনলাইন হাজিরা কার্যক্রমের প্রথম দিনেই এক ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষক। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিদ্যালয় থেকে কয়েকশ ফুট উঁচু পাহাড়ে উঠে, শেষ পর্যন্ত একটি আমগাছের ডালে বসে অনলাইনে হাজিরা পাঠাতে হয়েছে তাকে।

সোমবার (১৫ জুন) উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টার মধ্যে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। সেই নির্দেশনার প্রথম দিনেই বাস্তবতার সঙ্গে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, তার কর্মস্থলটি দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং বিদ্যালয়টি আশপাশের ভূমি থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট নিচে অবস্থান করছে। ফলে বিদ্যালয় চত্বরে কোনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। এমনকি বিদ্যালয়ের ছাদে উঠেও তিনি সংযোগ পাননি।

পরে তিনি পাহাড়ের চূড়ায় উঠে বিভিন্ন স্থানে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত সংযোগ না পেয়ে শেষ পর্যন্ত একটি আমগাছে উঠে মোবাইল নেটওয়ার্ক পান। এরপর গাছের ডালেই বসে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠান।

প্রধান শিক্ষক আবু তাহের বলেন, অনেক কষ্টে গাছে উঠে সংযোগ পেয়ে হাজিরা পাঠাতে সক্ষম হয়েছেন। তবে কিছুটা দেরি হওয়ায় তাকে তিরস্কারেরও মুখোমুখি হতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, চাকরি টিকিয়ে রাখতে এবং পরিবারের ভরণপোষণের জন্য তাকে এ ধরনের ঝুঁকি নিতেই হয়েছে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানিয়েছেন, উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৮৮টি বিদ্যালয়ের অনলাইন হাজিরা পাওয়া গেছে। বাকি ২৮টি বিদ্যালয়ের শিক্ষকেরা নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইনে হাজিরা পাঠাতে পারেননি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রযুক্তিগত সমস্যাগুলোর সমাধান হলে অনলাইন হাজিরা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ সরকার, শুরু বিতর্ক

ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ সরকার, শুরু বিতর্ক