প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা ছবির ক্যাপশন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা এক লাখ ২৪ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকামুখী একটি সাদা প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করলে সেটি সীতাকুণ্ড উপজেলার বড়দারোগাহাট এলাকার একটি স্থানে থামিয়ে অন্ধকারের সুযোগে নারী-পুরুষসহ কারের আরোহীরা পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটিতে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা একটি সন্দেহজনক গ্যাস সিলিন্ডার পরীক্ষা করে তার ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় একটি ইয়াবার চালান জব্দ করা সম্ভব হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসার তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি জোরদার করে। সন্দেহভাজন গাড়িটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটি উদ্ধার করা হয়। পরে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদকের প্রকৃত মালিক এবং পাচারচক্রের সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। জব্দ করা প্রাইভেট কারটির মালিকানা যাচাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে এটি এলাকায় পরিচালিত অন্যতম বড় মাদকবিরোধী অভিযান। উদ্ধার হওয়া ইয়াবার চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নেতানিয়াহুকে নেওয়া হলো হাসপাতালে

নেতানিয়াহুকে নেওয়া হলো হাসপাতালে