আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলে চোটের শঙ্কা যেন বাড়তেই চলছে। এবার ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা। রিভার প্লেটের হয়ে ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন আকুনা। তবে ম্যাচ চলাকালে অস্বস্তি অনুভব করলে কোচিং স্টাফ তাকে আর ঝুঁকি নিতে দেননি। পরে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয় ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এর আগেও একই হ্যামস্ট্রিংয়ে সমস্যায় ভুগেছিলেন আকুনা। ফলে পুরোনো ইনজুরি আবার ফিরে এসেছে কি না, তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে আর্জেন্টিনা শিবিরে। যদিও এখন পর্যন্ত তার চোটের গুরুতর অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিশ্বকাপের ঠিক আগে এমন পরিস্থিতি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। কারণ খুব শিগগিরই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে তার। জানা গেছে, বৃহস্পতিবার কিংবা শুক্রবার ২৬ সদস্যের দল প্রকাশ করতে পারেন স্কালোনি।
আর্জেন্টিনার জন্য উদ্বেগ আরও বাড়িয়েছে দলে থাকা একাধিক তারকার ফিটনেস সমস্যা। অধিনায়ক লিওনেল মেসিও সম্প্রতি ম্যাচ চলাকালে মাঠ ছাড়েন। যদিও পরে জানা যায়, সেটি ছিল ক্লান্তিজনিত সতর্কতামূলক সিদ্ধান্ত। বড় কোনো ইনজুরিতে পড়েননি তিনি।
এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং গঞ্জালো মন্তিয়েলের ফিটনেস নিয়েও নজর রাখছে দলীয় মেডিক্যাল টিম। ফলে বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরি সমস্যা আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি। আর্জেন্টাইন সমর্থকদের আশা, দ্রুত সুস্থ হয়ে সবাই টুর্নামেন্টে ফিরবেন। কারণ শিরোপা ধরে রাখার মিশনে অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি স্কালোনির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আগামী মাসেই ক্যাম্প শুরু করবে আর্জেন্টিনা। এরপর দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। তার আগেই ইনজুরিতে থাকা ফুটবলারদের সুস্থতা নিয়ে ইতিবাচক খবর পাওয়ার অপেক্ষায় রয়েছে পুরো আর্জেন্টিনা শিবির।
কসমিক ডেস্ক