জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর বয়স ১৪ বছর। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৫), তিনি কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহিম দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে তার মোবাইল ফোনের মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে শুরুতে বিষয়টি পরিবারকে জানায়নি ভুক্তভোগী।
গত ৪ জুন বিকেল ৪টার দিকে স্কুলছাত্রীটি ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ঘরে ডেকে নেয়া হয় বলে অভিযোগ করা হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনার পর মেয়েটি নিখোঁজ হলে তার পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভুক্তভোগীর ফুফুসহ কয়েকজন মিলে অভিযুক্তের ঘরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী তার পরিবারের কাছে পুরো ঘটনা জানালে তার বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন। মামলায় মো. ইব্রাহিমকে একমাত্র আসামি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল শিশু ও কিশোরীদের নিরাপত্তা জোরদার এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কসমিক ডেস্ক