ইংল্যান্ড ফুটবল দলের প্রতি অসাধারণ ভক্তির নজির আবারও স্থাপন করলেন দেশটির পরিচিত ‘সুপারফ্যান’ অ্যান্ডি মিলনে। আসন্ন বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সফরের খরচ জোগাতে তিনি নিজের দ্বিতীয় বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
৬২ বছর বয়সী অ্যান্ডি মিলনে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি পরে এবং হাতে বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ নিয়ে উচ্ছ্বসিতভাবে উপস্থিত হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হন। সেই থেকেই তিনি ইংল্যান্ড সমর্থকদের মধ্যে ব্যাপক পরিচিত মুখে পরিণত হন।
বর্তমানে থাইল্যান্ডে বসবাসরত এই অবসরপ্রাপ্ত শিক্ষক এ পর্যন্ত নয়টি বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন। এর মধ্যে আটটি পুরুষদের এবং একটি নারী বিশ্বকাপ। এবার তিনি দশম বিশ্বকাপ উপভোগ করতে নিজের দীর্ঘদিনের সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি ইংল্যান্ডের চেশায়ারের নর্থউইচ এলাকায় থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য তুলেছেন, যার মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। তার ভাষায়, বিশ্বকাপ সফরের জন্য অর্থ সংগ্রহ করতেই এই সিদ্ধান্ত।
অ্যান্ডি মিলনে বলেন, কাতার বিশ্বকাপ ছিল নিজের জন্য একটি বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে তিনি এই ভ্রমণের জন্য সঞ্চয় করেছেন এবং এবারও তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সাত সপ্তাহ কাটানোর পরিকল্পনা করছেন। তিনি আরও জানান, ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের টিকিট ইতোমধ্যে সংগ্রহ করেছেন।
খরচ কমাতে তিনি বন্ধুদের বাসায় থাকার পাশাপাশি কাউচ সার্ফিং করার পরিকল্পনাও করেছেন। মেক্সিকো, ডালাস ও ভ্যাঙ্কুভারে তার বন্ধু থাকায় ভ্রমণ কিছুটা সহজ হবে বলেও তিনি আশা করছেন।
এদিকে বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সমর্থক সংগঠন ফিফার বিরুদ্ধে অতিরিক্ত দাম নির্ধারণের অভিযোগ তুলেছে। অন্যদিকে ফিফা জানিয়েছে, চাহিদার কারণে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তুলনামূলক কম দামের কিছু টিকিটও রাখা হয়েছে।
সব মিলিয়ে একজন ভক্তের এমন আত্মত্যাগ ফুটবলপ্রেমের এক অনন্য উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে বিশ্বজুড়ে।
কসমিক ডেস্ক