পবিত্র ঈদুল আজহায় পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে জামালপুরের এক কিশোর। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে মো. ইয়াসিন (১৪) নামে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায়।
নিহত ইয়াসিন উপজেলার পোড়ারচর নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঈদের দিন পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে খাবার খাওয়ার সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
ঈদের আনন্দের দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
কসমিক ডেস্ক