ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রতিটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে এবং বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে। এর ফলে যাত্রীরা আগে থেকে ভাড়া সম্পর্কে ধারণা পেতে পারছেন এবং তুলনামূলকভাবে স্বস্তিতে গন্তব্যে যেতে পারছেন।
তিনি আরও জানান, মাঠপর্যায়ে মোবাইল কোর্ট সক্রিয়ভাবে কাজ করছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এজন্য যাত্রীদের নির্দিষ্ট পরিবহন ও ঘটনার বিস্তারিত তথ্যসহ অভিযোগ জানাতে হবে।
সেতুমন্ত্রী বলেন, অনেক যাত্রী আগাম টিকিট না কাটার কারণে শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়ছেন। আবার কিছু ক্ষেত্রে যাত্রীদের অসচেতনতার সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা অনাকাঙ্ক্ষিত। তিনি যাত্রীদের আগে থেকেই টিকিট কেটে পরিকল্পিতভাবে যাত্রা করার পরামর্শ দেন।
ঈদ উপলক্ষে পশুর হাট ও সড়ক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সড়কে পশুর হাট বসানো হবে না। তবে বাস্তবে পশু ও ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় কিছু জায়গায় হাট সড়কের অংশে চলে আসছে, ফলে ব্যবস্থাপনায় কিছুটা সমন্বয়হীনতা দেখা দিচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলছে, তবে বিপুল সংখ্যক মানুষের চলাচল ও পরিবহন ব্যবস্থার চাপের কারণে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে।
মন্ত্রী সতর্ক করে বলেন, বিপুল সংখ্যক যাত্রী পণ্যবাহী ট্রাকে যাতায়াত করছে, যা ঝুঁকিপূর্ণ এবং সড়কে বিশৃঙ্খলা তৈরি করছে। এসব যানবাহন নিয়ন্ত্রণে আনতে গেলে অনেক সময় মহাসড়কে যানজট তৈরি হয়। তাই নাগরিকদের সচেতন না হলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রীদের সহযোগিতা ছাড়া এই ব্যবস্থাপনা সম্পূর্ণ সফল করা সম্ভব নয়।
সবশেষে তিনি বলেন, যাত্রীদের যেকোনো অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক