দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে কিংবদন্তি পপসম্রাট Michael Jackson-এর জীবনীভিত্তিক সিনেমা Michael। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তির পাশাপাশি বাংলাদেশেও প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা Jaafar Jackson। তার অভিনয়, নৃত্যভঙ্গি ও অভিব্যক্তিতে জীবন্ত হয়ে উঠেছে পপসম্রাটের নানা সময়ের স্মৃতি, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীতজগতে প্রবেশ এবং বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করার গল্প। মৃত্যুর প্রায় ১৬ বছর পর এই বায়োপিকের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরে এলেন এই কিংবদন্তি শিল্পী।
১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্মগ্রহণ করেন মাইকেল জ্যাকসন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং মাত্র পাঁচ বছর বয়সে The Jackson 5-এর লিড ভোকালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষ দিকে ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
পরবর্তীতে একক ক্যারিয়ারে তিনি বিশ্বসংগীতে বিপ্লব ঘটান। ১৯৮২ সালে প্রকাশিত Thriller অ্যালবাম তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা, যা ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে বিবেচিত।
২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি শিল্পী। তার জীবন, সাফল্য, বিতর্ক ও সংগ্রামের নানা দিক তুলে ধরেছে এই বায়োপিক।
সিনেমাটি পরিচালনা করেছেন Antoine Fuqua এবং চিত্রনাট্য লিখেছেন John Logan। প্রযোজনা করেছে Lionsgate। এতে আরও অভিনয় করেছেন Nia Long, Laura Harrier, Miles Teller এবং Colman Domingoসহ আরও অনেকে।
কসমিক ডেস্ক