নবম পে-স্কেলের দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নবম পে-স্কেলের দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
নবম পে-স্কেলের দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ ছবির ক্যাপশন:

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় যমুনা ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যেতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। তাদের অভিযোগ, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি। এতে তারা ক্ষুব্ধ।

এছাড়া আন্দোলনকারীরা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা দ্রুত দাবি পূরণের আহ্বান জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টার্মিনালে প্রায় অপরিবর্তিত ধূমপানের চিত্র

টার্মিনালে প্রায় অপরিবর্তিত ধূমপানের চিত্র