পাকিস্তান আফগান সীমান্তে ৫টি চেকপোস্ট ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লোয়ার চিত্রালের ডেপুটি কমিশনার রাও হাশিম আজিম শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে আরান্দু সীমান্তে পাল্টা নিরাপত্তা অভিযানের সময় আফগান তালেবানের চার থেকে পাঁচটি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, আফগান দিক থেকে বিনা উসকানিতে গুলি চালানোর পর সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। আরান্দু সীমান্তবর্তী এলাকা এবং চিত্রালের আরান্দু উপত্যকা এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে এবং মাঝেমধ্যে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।
এর আগে পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা জিওটিভি নিউজকে জানিয়েছিলেন, সীমান্তে উসকানিমূলক হামলার জবাবে অভিযানে আফগান তালেবান প্রশাসনের ১৩৩ সদস্য নিহত এবং ২০০ এর বেশি আহত হয়েছেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, তালেবান বাহিনীর পদক্ষেপের জবাবে পাকিস্তানি বাহিনী ‘গাজাব-লিল-হক’ নামে একটি অভিযান শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি জানিয়েছেন, ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলমান সংঘর্ষে পাকিস্তানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং আফগানিস্তানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে।
মুখপাত্রের দাবি, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটেছে। ২৭টি তালেবান চৌকি ধ্বংস এবং ৯টি দখল করা হয়েছে। তিনি আরও জানান, হামলায় দুটি কোর সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং দুটি সেক্টর সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮০টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
মুশাররফ জাইদি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। সামরিক ও নিরাপত্তা সূত্রগুলো বলছে, সীমান্তে উত্তেজনা এখনো রয়েছে এবং পরিস্থিতি মনিটরিং অব্যাহত।
কসমিক ডেস্ক