দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। ঢাকা-১১ আসনের জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ এই রিট দায়ের করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে রিটটি দাখিল করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। এ কারণে তার সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার আইনগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে দাবি করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
কসমিক ডেস্ক