ফতুল্লায় আগুনে ৪ গুদাম, ৩ গ্যারেজ পুড়ে ছাই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফতুল্লায় আগুনে ৪ গুদাম, ৩ গ্যারেজ পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
ফতুল্লায় আগুনে ৪ গুদাম, ৩ গ্যারেজ পুড়ে ছাই ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঝুটের গুদাম ও তিনটি ইজিবাইক গ্যারেজ পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে জেলা পরিষদের জমিতে টিন দিয়ে তৈরি বেশ কয়েকটি গুদাম রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এসব স্থাপনা ভাড়া দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেখানে অনেকে ঝুটের ব্যবসা এবং ইজিবাইক গ্যারেজ পরিচালনা করতেন।

ভোরে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার ঝুটের গুদাম এবং আলী, শহিদ ও আনোয়ারের ইজিবাইক গ্যারেজ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের কলকারখানা ও বসতবাড়ির মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা আশপাশের গুদাম ও গ্যারেজে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লং রাইড শেষে মোটরসাইকেলের জরুরি ৫টি মেইনটেইন্যান্স টিপস

লং রাইড শেষে মোটরসাইকেলের জরুরি ৫টি মেইনটেইন্যান্স টিপস