কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক মিশেল সেনসি-কন্টুগি, তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে এওয়াসো নিয়রো নদীর দিকে পর্যটন ভ্রমণে যাচ্ছিল।
দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ঘটনাস্থলে কেনিয়া রেড ক্রসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত মিশেল সেনসি-কন্টুগির বয়স ছিল ৪৪ বছর। ২০২৪ সালে তিনি ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার মৃত্যুতে ইকুয়েডর সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট গুইলেরমো লাসোও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাকবলিত ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ হেলিকপ্টারটি পরিচালনা করছিল কেনিয়ার প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টার্স। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ এবং মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তে ছিলেন বলে মার্কিন ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে নিহত অপর চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
কসমিক ডেস্ক