ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বিনিয়োগ-বাণিজ্য নিয়ে বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বিনিয়োগ-বাণিজ্য নিয়ে বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বিনিয়োগ-বাণিজ্য নিয়ে বৈঠক ছবির ক্যাপশন:

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে এসে পৌঁছায় তারা।

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিয়োগ বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান বাণিজ্যিক বাধা কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়ী ও কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে. এলা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ এবং এলএমডব্লিউ গ্লোবালের চিফ অপারেটিং অফিসার পিজে রাজেশ রয়েছেন।

এ ছাড়া মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত ও কৃষ্ণ খাটওয়ানি, গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান, ফোর্বস মার্শাল গ্রুপের আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান এম এস গুরু প্রসাদসহ অনেকে প্রতিনিধিদলে রয়েছেন।

সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং অন্যান্য নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত দুই বছরে বাংলাদেশ ও ভারত উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শেয়ারবাজারে বাড়ছে সূচক, সক্রিয় লেনদেন

শেয়ারবাজারে বাড়ছে সূচক, সক্রিয় লেনদেন