ভারতের সংসদে তারকাদের উপস্থিতি প্রায়ই রাজনীতির পাশাপাশি ফ্যাশনের কারণেও আলোচনায় আসে। এবার তেমনই আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। বর্ষাকালীন সংসদ অধিবেশনে তাঁর পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে সঙ্গে থাকা বিলাসবহুল ব্যাগ ও হাতঘড়ি।
সম্প্রতি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরে সংসদে উপস্থিত হন কঙ্গনা। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে তিনি বেছে নেন বিলাসবহুল কিছু ফ্যাশন অনুষঙ্গ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে হার্মেস বারকিন ব্যাগ এবং রোলেক্সের হাতঘড়ি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, কঙ্গনার হাতে থাকা হার্মেস বারকিন ব্যাগটির আনুমানিক মূল্য ৩৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার টাকা। টোগো চামড়ায় তৈরি এই ব্যাগটি বিলাসবহুল ফ্যাশন জগতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি অনুষঙ্গ।
ব্যাগের পাশাপাশি কঙ্গনার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি ডায়ালের এই ঘড়িটির আনুমানিক দাম ২১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ২১ হাজার টাকা। ফলে শুধু ব্যাগ ও ঘড়ির মূল্য দাঁড়ায় প্রায় ৭২ লাখ ৫৭ হাজার টাকা।
কঙ্গনার এবারের সংসদীয় সাজে আরও একটি আকর্ষণীয় অনুষঙ্গ ছিল গুড আর্থের ছাতা। বর্ষার দিনের জন্য ব্যবহৃত এই ছাতাটির দাম ৬ হাজার ১০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০০ টাকা। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশার পাশাপাশি কাঠের হাতল রয়েছে।
ব্যাগ, ঘড়ি ও ছাতা—এই তিনটি অনুষঙ্গের আনুমানিক মূল্য হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় মোট দাঁড়ায় প্রায় ৭২ লাখ ৬৫ হাজার টাকা। তবে এই হিসাবের মধ্যে কঙ্গনার শাড়ি, ব্লাউজ, জুতা এবং অন্যান্য ব্যবহৃত সামগ্রীর দাম অন্তর্ভুক্ত করা হয়নি।
কঙ্গনার এই সংসদীয় লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফ্যাশনভিত্তিক সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাধারণ ও মার্জিত শাড়ির সঙ্গে দামি বিলাসবহুল অনুষঙ্গের সমন্বয় তাঁর এবারের সাজকে আলাদা মাত্রা দিয়েছে।
সংসদে কঙ্গনার উপস্থিতি তাই শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, তাঁর ফ্যাশন পছন্দের কারণেও নজর কেড়েছে। বিশেষ করে কয়েক দশক লাখ টাকার ব্যাগ ও ঘড়ির সঙ্গে সাধারণ শাড়ির সমন্বয় তাঁর এবারের লুক নিয়ে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
কসমিক ডেস্ক