ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের আরেকটি সড়কে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শর্মা বাস সার্ভিসের বাসটি শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালুঞ্জ মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। পরে বাসটি নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক, কন্ডাক্টরসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন এবং পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যদের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। বাসের ভেতরে ও নিচে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মোট আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর গুরুতর ছয়জনকে চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বৈরাগড়-তিসা সড়কটি চুরাহ উপত্যকার একটি দুর্গম পাহাড়ি যোগাযোগপথ। সরু রাস্তা ও খাড়া ঢালের কারণে এ সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।
কসমিক ডেস্ক