ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পানির চাপে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশ ভেঙে গেছে। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে হালুয়াঘাটের সঙ্গে ধারা হয়ে নালিতাবাড়ীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার ধুরাইল পশ্চিম বাজার এলাকায় সড়কের একটি অংশ ভেঙে গেছে। সেখানে পানি প্রবাহের জন্য একটি ছোট পাইপ বসানো ছিল। শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে পানির তীব্র চাপে সড়কের নিচের অংশ ভেঙে যায়। এরপর সারারাত ভাঙা অংশ দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হয়।
স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে গাছের গোড়ার অংশ ফেলে সড়কের দুই পাশ বন্ধ করে দেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে সড়কের ওপরের অংশ কোনোভাবে টিকে থাকলেও নিচে বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যেকোনো সময় সড়কের আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, ধারা থেকে নালিতাবাড়ী পৌর শহর পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের মানুষ নালিতাবাড়ীর সঙ্গে যোগাযোগের জন্য এই সড়ক ব্যবহার করেন। একইভাবে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়নের মানুষও হালুয়াঘাটে যাতায়াতে সড়কটির ওপর নির্ভরশীল।
সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয়দের দুই থেকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে ভাঙা অংশ পায়ে হেঁটে পার হচ্ছেন। এতে সময় ও পরিবহন খরচ দুটিই বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানি জমে ছিল। পরে পানির প্রবল চাপে সড়কের নিচের মাটি সরে গিয়ে অংশটি ধসে পড়ে।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। ইতোমধ্যে ভাঙা স্থানে দপ্তরের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক