তাফসির শাস্ত্রের কিংবদন্তি ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.) The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তাফসির শাস্ত্রের কিংবদন্তি ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.)

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
তাফসির শাস্ত্রের কিংবদন্তি ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.) ছবির ক্যাপশন:

ইসলামের জ্ঞান-ঐতিহ্যের ইতিহাসে ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.) এমন এক মহাপণ্ডিত, যাঁর অবদান শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বকে সমৃদ্ধ করে চলেছে। কোরআনের তাফসির, হাদিস, ফিকহ, আরবি ভাষা, সাহিত্য, ইতিহাস, আকিদা ও উসুলসহ ইসলামী জ্ঞানের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় তিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন।

৮৪৯ হিজরি (১৪৪৫ খ্রিস্টাব্দ) সালে মিসরের কায়রোতে জন্মগ্রহণ করেন আবদুর রহমান ইবনে আবি বকর আস-সুয়ুতি। তাঁর পূর্বপুরুষদের নিবাস ছিল মিসরের সয়ুত অঞ্চলে, সেখান থেকেই ‘আস-সুয়ুতি’ উপাধি লাভ করেন। অল্প বয়সেই পিতৃহারা হলেও শিক্ষার প্রতি তাঁর অদম্য আগ্রহ ও অসাধারণ স্মৃতিশক্তি তাঁকে দ্রুত জ্ঞানচর্চার শীর্ষে পৌঁছে দেয়। মাত্র আট বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন এবং পরবর্তীতে হাদিস, ফিকহ, তাফসির, আরবি ব্যাকরণ ও সাহিত্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে তিনি কায়রোর বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা শুরু করেন। একই সঙ্গে গবেষণা, ফতোয়া প্রদান এবং গ্রন্থ রচনাকে জীবনের প্রধান কর্ম হিসেবে গ্রহণ করেন। জীবনের শেষ দিকে কিছু বিরোধিতা ও সমালোচনার মুখোমুখি হলেও তিনি নির্জন পরিবেশে ইবাদত, গবেষণা ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। ৯১১ হিজরি (১৫০৫ খ্রিস্টাব্দ) সালে তিনি ইন্তেকাল করেন।

ইতিহাসবিদদের মতে, ইমাম সুয়ুতি প্রায় পাঁচ শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে ‘আল-ইতকান ফি উলূমিল কোরআন’, ‘তাফসিরে জালালাইন’, ‘তারিখুল খুলাফা’, ‘হুসনুল মুহাদারাহ ফি আখবারি মিসর ওয়াল কাহিরাহ’ এবং ‘আল-মুজহির ফি উলূমিল লুগাহ’ বিশেষভাবে সমাদৃত। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল সহজ, সাবলীল ও পাঠকবান্ধব ভাষা, যা জটিল বিষয়ও সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তুলেছে।

বর্তমান সময়েও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও গবেষণা প্রতিষ্ঠানে তাঁর রচনাগুলো পাঠ্য ও গবেষণার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.) শুধু একজন প্রখ্যাত আলেম নন; তিনি মুসলিম জ্ঞান-সভ্যতার এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার অবদান আজও ইসলামী জ্ঞানচর্চার পথকে আলোকিত করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি