নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগের সাবেক সম্পাদক অজয় কর খোকনকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগের সাবেক সম্পাদক অজয় কর খোকনকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগের সাবেক সম্পাদক অজয় কর খোকনকে ছবির ক্যাপশন:

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর এলাকায় যুবক মো. নাজমুল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান সরকার আদালতে অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানির সময় অজয় কর খোকনকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম গ্রেপ্তার না দেখানোর আবেদন জানিয়ে শুনানি করেন। তবে শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অজয় কর খোকন দাবি করেন, তার বিরুদ্ধে আগে কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা ছিল না। তিনি বলেন, একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে তিনি উচ্চ আদালতে রিট করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, হাইকোর্ট থেকে ‘নো শোন অ্যারেস্ট, নো হ্যারেজ’ নির্দেশনা দেওয়া হলেও সেই আদেশ কার্যকর হয়নি।

অন্যদিকে, তার আইনজীবী ওবাইদুল ইসলাম জানান, হাইকোর্টের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছিল এবং আদালতে জামিননামাও দাখিল করা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় নাজমুল গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তীতে হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স