জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সরকারের নির্দেশনা অনুযায়ী, জনস্বার্থে এবং জরুরি সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনেও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকবেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, বাংলাদেশ রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন না। জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
এদিকে, ৫ আগস্ট সরকারি ছুটিকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের অবকাশের সুযোগও তৈরি হয়েছে। যদি কেউ বৃহস্পতিবার (৬ আগস্ট) এক দিনের ছুটি গ্রহণ করেন, তাহলে পরবর্তী শুক্রবার (৭ আগস্ট) ও শনিবার (৮ আগস্ট) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট চার দিনের বিরতি উপভোগ করতে পারবেন।
সরকারি ছুটির মধ্যেও জরুরি সেবা সচল রাখার এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা বহাল থাকবে।
কসমিক ডেস্ক