ইরানের ওপর চাপ আরও বাড়াতে এবং দেশটির বিরুদ্ধে নতুন ধরনের পদক্ষেপ বিবেচনায় নিতে সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের কৌশল খুঁজছে মার্কিন সেনাবাহিনী। এ লক্ষ্যে সামরিক বিশ্লেষকদের কাছ থেকে নতুন পরিকল্পনা ও প্রস্তাব আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন, “আমরা ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটিকে শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের কিছু উপায় খুঁজছি।”
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে নতুন ধারণা ও সুপারিশ আহ্বান করে সংশ্লিষ্ট বার্তা পাঠান।
প্রতিবেদনটিতে সম্ভাব্য পদক্ষেপ বা কৌশলের বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ইরাননীতি পর্যালোচনা এবং দেশটির ওপর চাপ অব্যাহত রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ হতে পারে।
কসমিক ডেস্ক