জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন:

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। দুবাইয়ের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারামুক্ত হন।

কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমকে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে চলমান আইনি প্রক্রিয়ার কারণে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

দুবাইয়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আদালত জামিনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছেন। এর মধ্যে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। এছাড়া মামলার পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার বাধ্যবাধকতাও তার ওপর বহাল রয়েছে।

সূত্রগুলোর দাবি, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও অন্যান্য আইনি তথ্য আদালতে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগসংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছিল। গত ১২ জুন দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু হলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারজুড়ে জোরদার নিরাপত্তা

রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারজুড়ে জোরদার নিরাপত্তা