রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৭০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৪০ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ৪৪ জন, উত্তরায় ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেট কার এবং একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক পাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে।
কসমিক ডেস্ক