পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধারকারীরা নেপাল, ওমান ও যুক্তরাষ্ট্রের তিন নাগরিকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর নিখোঁজ থাকা অন্য পর্বতারোহীদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম উচ্চতম পর্বত ব্রড পিকের চূড়ায় আরোহণের সময় একটি আন্তর্জাতিক পর্বতারোহী দলের ওপর তুষারধস নেমে আসে। দুর্ঘটনার পর দলটির সদস্যরা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
উদ্ধার হওয়া তিন পর্বতারোহী হলেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাথিরা আহমেদ এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গাইস। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে অনুসন্ধানকারী দল চারজন পর্বতারোহীর দেহাবশেষের সন্ধান পাওয়ার কথা জানালেও চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পাকিস্তান আলপাইন ক্লাবের সহসভাপতি কারার হায়দরি বলেন, চূড়ায় ওঠার প্রচেষ্টার সময় তুষারধসের কবলে পড়ে পর্বতারোহীরা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন। দুর্ঘটনাকবলিত দলে বিভিন্ন দেশের পর্বতারোহী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন নেপালি, একজন ওমানি, একজন মার্কিন, একজন পাকিস্তানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী ছিলেন।
তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে উল্লেখযোগ্য বাধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচল সীমিত হয়ে পড়ায় অনুসন্ধান কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। তবুও গিলগিট-বালতিস্তান প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাওয়া হবে। উদ্ধার তৎপরতায় পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারও অংশ নিয়েছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজদের মধ্যে কোনো চীনা নাগরিক রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে পাকিস্তানের উদ্ধার তৎপরতায় সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে বেইজিং।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার (২৬ হাজার ৪০১ ফুট) উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। দুর্গম ভূপ্রকৃতি, তুষারধস, তীব্র ঠান্ডা এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে এ অঞ্চলে পর্বতারোহণ সবসময়ই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
কসমিক ডেস্ক