শিক্ষক বিউটি রাণী পালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বুধবারের পাঠসূচিতে যুক্ত করা হয়েছে ‘বর্ষার গান ও কবিতা’ শীর্ষক একটি বিশেষ ক্লাস, যার মাধ্যমে শিক্ষার্থীদের শিল্প-সাহিত্যচর্চা এবং শালীন প্রতিবাদের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক নাহিদা শাফিনাজ জানান, এই বিশেষ ক্লাসের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানো নয়, বরং সৃজনশীল ও ইতিবাচক উপায়ে মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরা। তিনি বলেন, শিক্ষার্থীদের বর্ষার গান শিখে আসতে বলা হয়েছে। পাশাপাশি বর্ষা নিয়ে নিজেদের লেখা অথবা খ্যাতিমান কবিদের জনপ্রিয় কবিতা আবৃত্তির প্রস্তুতি নিয়েও শ্রেণিকক্ষে অংশ নিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি ভিডিওকে কেন্দ্র করে। নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গান ব্যবহার করে তৈরি একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি বিভিন্ন ধরনের ট্রল ও সমালোচনার মুখে পড়েন।
এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে একই গান ব্যবহার করে ভিডিও প্রকাশের মাধ্যমে সংহতি জানান। সেই ধারাবাহিকতায় সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে শ্রেণিকক্ষের সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, গান, কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নান্দনিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ইতিবাচক মূল্যবোধ আরও বিকশিত হবে।
কসমিক ডেস্ক