সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ ছাড়াও আরও একাধিক আইডি থেকে তাকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষিকা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, তার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলো শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে তিনি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে হেঁটে যাচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর কিছু মানুষ সেটিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করে সমালোচনা ও ট্রল শুরু করে।
অভিযোগ রয়েছে, প্রবাসী এক তরুণ আসিফ ইকবাল হিরণ ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের পেজ থেকে ভিডিওটি নেতিবাচক ক্যাপশন দিয়ে ভাইরাল করেন। পরে ‘প্রিয় ফেঞ্চুগঞ্জ’ নামের আরেকটি পেজ থেকেও একইভাবে ভিডিওটি ছড়ানো হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে অনলাইনে নানা ধরনের কটূক্তি ও মন্তব্যের মুখে পড়েন শিক্ষিকা।
বিউটি রানী পাল জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তা সরিয়ে নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিডিওটি মুছে ফেলতে অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। তিনি আরও অভিযোগ করেন, তার ভিডিও ডাউনলোড করে বিভিন্ন পেজে ছড়ানো হয়েছে এবং ব্যক্তিগতভাবে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত ব্যক্তি ফোন করে তার ব্যক্তিগত তথ্য জানতে চেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যা তাকে আরও বিব্রত ও আতঙ্কিত করেছে।
এ ঘটনায় দেশের বিভিন্ন জেলার শিক্ষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন। তারা সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদমূলক ভিডিও প্রকাশ করেছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক