বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিয়ারে অসংখ্য গৌরবময় রেকর্ডের মালিক। তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়ার বিরল কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার তিনি। তবে এবার একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩টি ডাক মারার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এর আগে ৩২টি ডাক নিয়ে তিনি সৌম্য সরকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।
ডাম্বুলায় গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জাফনা কিংসের হয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলেই আউট হন সাকিব। গল দলের স্পিনার থারিন্দু রত্নানায়েকের বলে গোল্ডেন ডাকের শিকার হয়ে তিনি নতুন এই রেকর্ডের একক মালিক হন।
এই ডাকের মাধ্যমে সাকিব আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলির ৩৩ ডাকের রেকর্ডও স্পর্শ করেন। তবে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ ডাকের তালিকায় এখনও তার ওপরে রয়েছেন আরও আটজন ক্রিকেটার। এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার সুনীল নারাইন, যার নামের পাশে রয়েছে ৫৪টি ডাক।
ব্যক্তিগত এই বিব্রতকর রেকর্ডের দিনে দলীয় পারফরম্যান্সও ভালো ছিল না। এলপিএলের ১০ম ম্যাচে গল গ্ল্যাডিয়েটর্সের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হারে জাফনা কিংস।
প্রথমে ব্যাট করে সেহান আরাচ্চিগের ৬৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৯৩ রান তোলে গল। বল হাতে সাকিব ৩ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুনিথ ভেল্লালাগের ৫৬ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৩৩ রানেই গুটিয়ে যায় জাফনা কিংসের ইনিংস। ফলে বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিবের দলকে।
কসমিক ডেস্ক