কৃষকদের জন্য বড় স্বস্তি, ৬০৪.৮১ কোটি টাকার ঋণ মওকুফ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কৃষকদের জন্য বড় স্বস্তি, ৬০৪.৮১ কোটি টাকার ঋণ মওকুফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
কৃষকদের জন্য বড় স্বস্তি, ৬০৪.৮১ কোটি টাকার ঋণ মওকুফ ছবির ক্যাপশন:

সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে গত পাঁচ মাসে ৭ লাখের বেশি কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষি ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারের নির্দেশনা অনুসারে দেশের ৪৮টি জেলার মোট ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক এই সুবিধার আওতায় এসেছেন। তথ্য যাচাই-বাছাই এবং হিসাব সমন্বয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করে ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আওতায় শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা কমানোর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মোট ১ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হওয়ার কথা। বাংলাদেশ কৃষি ব্যাংক জানিয়েছে, এ পর্যন্ত বাস্তবায়িত ঋণ মওকুফের প্রায় ৩৯ শতাংশ এককভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির দাবি, দেশের মোট কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশ বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয়। ফলে কৃষিঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়নেও প্রতিষ্ঠানটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণের কারণে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নতুন করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ হারাচ্ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারের অস্থিরতা এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সময়মতো ঋণ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

ঋণ মওকুফের ফলে এসব কৃষক আবারও নিয়মিত ব্যাংকিং সেবার আওতায় ফিরে এসে নতুন করে কৃষিঋণ গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্চিয়া বিনতে আলী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে কৃষকদের তথ্য যাচাই করে ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণের দায় থেকে মুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে নতুন ঋণ নিয়ে কৃষি উৎপাদনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিএনপির নির্বাচনি ইশতেহারেও কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি কৃষক কার্ড চালু, ফ্যামিলি কার্ড প্রবর্তন, নদী-খাল পুনঃখনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) কৃষি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৮০০ কোটি টাকা। তবে একই সময়ে ব্যাংকটি ৯ হাজার ৮১ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি। সংশ্লিষ্টরা মনে করছেন, ঋণ মওকুফের পাশাপাশি কৃষিঋণ বিতরণ বৃদ্ধির ফলে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
লিবিয়া উপকূলে নৌকাডুবি, বহু অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

লিবিয়া উপকূলে নৌকাডুবি, বহু অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ