শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটির পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন একটি আইন অনুমোদন করেছে। এর মাধ্যমে ইউরোপে প্রথমবারের মতো কোনো দেশ এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করলো।
নতুন আইনের আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের নিচে কোনো শিশু ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। শুধু নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ করাই নয়, বর্তমানে যেসব শিশু এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তাদের অ্যাকাউন্টও বন্ধ করে দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে অতিরিক্ত চার মাস সময় দেওয়া হবে।
আইনটি কার্যকর করতে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে। ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে ১৫ বছরের কম বয়সীরা কোনোভাবেই নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে।
বিশ্বজুড়ে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটেই ফ্রান্স সরকার মনে করছে, কম বয়সীদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টের দুই কক্ষ—সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি—আইনটি অনুমোদন করে। সরকারের মতে, এই উদ্যোগ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে এবং অন্যান্য দেশও এ ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে।
কসমিক ডেস্ক