লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি ও পদ্মা নদীর চর থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে ভরাট মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ই. এস’ ইটভাটার মালিক মো. ইদবার আলী (৫৩)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন। এ সময় লালপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, উপজেলার একই ইউনিয়নের বাকনাই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কারণে একটি সচল বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইটভাটার জন্য খুঁটির চারপাশ থেকে গভীরভাবে মাটি সরিয়ে নেওয়ায় সেটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, খুঁটিটি ভেঙে পড়লে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও কৃষকদেরও দুর্ভোগে পড়তে হতে পারে।

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর জোনাল অফিসকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা, কৃষিজমি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি